পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মিছিল
রমজান মাসকে স্বাগত জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মিছিল/ছবি: জাগো নিউজ
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মিছিল করেছেন শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) আয়োজনে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এসময় ‘আহলান সাহলান, মাহে রমাদান’, ‘রমজানের পবিত্রতা রক্ষা করো, করতে হবে’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
মিছিলে অংশ নেওয়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইয়ামিন হোসেন বলেন, ‘পবিত্র রমজানের মাস মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় নেয়ামত। রমজানের আমেজকে বাড়িয়ে দিতে জকসু স্বাগত মিছিলের উদ্যোগ নেওয়ায় তাদের ধন্যবাদ জানাই।’

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘রমজানকে কেন্দ্র করে সব প্রকার কালোবাজারির হাত থেকে বাজারকে রক্ষা করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। রমজানে শিক্ষার্থীদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য জবি প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।’
জিএস আব্দুল আলিম আরিফ বলেন, ‘উপস্থিত সবার কাছে আহ্বান, আপনারা সবাই রমজানের পবিত্রতা রক্ষা করুন। পাশাপাশি নবগঠিত সরকারের কাছে অনুরোধ, আপনারা সব প্রকার সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন।’
স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন জকসুর এজিএস মাসুদ রানা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক নুর নবী, সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্য শিক্ষার্থীরা।
টিএইচকিউ/একিএএফ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস পালনের সব প্রস্তুতি সম্পন্ন
- ২ পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মিছিল
- ৩ জবি ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রের বসন্ত’ উদযাপন
- ৪ রমজান উপলক্ষে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য পেলেন জবি শিক্ষার্থীরা
- ৫ প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে