জাবির জুলাই চব্বিশ জাগরণী হলে ১০ টাকায় ইফতার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে জুলাই চব্বিশ জাগরণী হলের উদ্যোগে ‘ইফতার-ই-দস্তরখান’ নামে শিক্ষার্থীদের জন্য ১০ টাকায় মাঝারি মানের ইফতার প্যাক চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জুলাই চব্বিশ জাগরণী হল সংসদের উদোগ্যে হল গেটে এ ইফতার দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, ১০ টাকার ইফতার প্যাকে থাকছে খেজুর, কলা, ছোলা, মুড়ি, বেগুনি বা পিঁয়াজু। যা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রীদের জন্য উন্মুক্ত। কেউ চাইলে পরিচয় গোপন রেখে বিনা টাকায়ও ইফতার নিতে পারবে।
জুলাই চব্বিশ জাগরণী হলের ভিপি নাহদাতুন হাসানা বলেন, শিক্ষার্থীদের জন্য দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই আয়োজন করেছি। প্রতিদিন একশ জনের জন্য আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম দিনই একশর বেশি শিক্ষার্থীর সাড়া পেয়েছি। ফান্ড সংকটের জন্য সবাইকে দিতে পারিনি। তবুও চেষ্টা করছি আরও বড় পরিসরে করার। কোথাও থেকে তহবিল বা সহায়তা পেলে আরও বড় করে করতে পারবো বলে আশা করি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, জুলাই ২৪ হলের এ আয়োজন প্রশংসনীয়। বিশেষ করে ছাত্রীদের জন্য এটি বেশি দরকার ছিল। স্বল্পমূল্যে ইফতার সামগ্রী দেওয়ার মাধ্যমে সবার মধ্যে রামাদান ও ইফতারের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হচ্ছে। সবার প্রচেষ্টায় এ আয়োজন আরও বড় আকারে ও প্রতিদিন করতে পারলে ভালো হবে।
মো. রকিব হাসান প্রান্ত/এমএন/এএসএম