ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবি

পোষ্য কোটা পুনর্বহালের অভিযোগ, বাতিল দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘প্রাতিষ্ঠানিক সুবিধার’ আড়ালে পুনরায় পোষ্য কোটা চালুর অভিযোগ উঠেছে। এ সিদ্ধান্ত সম্পূর্ণ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার মধ্যে পোষ্য কোটা চালুর সিদ্ধান্ত স্থগিত না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

অবস্থান কর্মসূচিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিগত সময়ে শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল বৈষম্যমূলক পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল করা। গতবছর শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এ কোটা বাতিল করা হয়। পরবর্তীতে জাকসু বন্ধ হওয়ার ভয় দেখিয়ে প্রাতিষ্ঠানিক সুবিধার নামে এটি পুনরায় ফিরিয়ে আনা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে পোষ্য কোটা ফিরিয়ে আনা নিয়ে জাকসুর সঙ্গে বৈঠক করে প্রশাসন। যেখানে আমরা জানিয়ে দিয়েছিলাম শিক্ষার্থীদের মতামত না নিয়ে এরূপ সিদ্ধান্ত নেওয়া যাবে। কিন্তু প্রশাসন আগের ন্যায় জাকসুর মতো রমজানকে ইস্যু করে পোষ্য কোটা ফিরিয়ে আনছে।’

হুঁশিয়ারি উচ্চারণ করে জাকসুর এই নেতা বলেন, ‘আগামীকাল বেলা ১১টার মধ্যে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত না করা হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে।’

পোষ্য কোটা পুনর্বহালের অভিযোগ, বাতিল দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবাইদা ওসামা জানান, প্রশাসন আগামী ১ থেকে ৯ মার্চ পর্যন্ত অন্যান্য কোটার সঙ্গে ‘প্রাতিষ্ঠানিক সুবিধা’র আওতায় পোষ্য কোটায় ভর্তির আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সচল কেন্দ্রীয় ছাত্র সংসদ, ২১টি হল সংসদ ও বিভিন্ন বিভাগীয় সংসদ থাকা সত্ত্বেও এমন গুরুত্বপূর্ণ বিষয়ে স্টেকহোল্ডারদের মতামত নেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এর আগে গতবছরের ৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন উপাচার্য।

রকিব হাসান প্রান্ত/এসআর/এমএস