শাবিপ্রবিতে শিবিরের দুই দিনব্যাপী প্রকাশনা-নববর্ষ উৎসব
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ইসলামী ছাত্রশিবির শাখার উদ্যোগে ক্যাম্পাসে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রকাশনা ও নববর্ষ উৎসব। যেখানে ছাত্রদের জন্য ‘শহীদ শরিফ ওসমান বিন হাদি’ স্টল এবং ছাত্রীদের জন্য ‘শহীদ আবরার ফাহাদ’ স্টল রাখা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় উৎসবটি শুরু হয় যা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত চলবে।
দুইটি স্টলে জুলাই বিপ্লব নিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীদের লেখা বই, ছাত্রশিবিরের তিন পৃষ্ঠার ক্যালেন্ডার, ছোট-বড় তিন ধরনের ডায়েরি, বড় ও ছোটদের জন্য শিক্ষামূলক ও ইসলামিক বইসহ ২৯ ধরনের প্রকাশনা সামগ্রী পাওয়া যাবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আয়োজনের বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। প্রতি বছর নববর্ষ উপলক্ষে আমরা প্রকাশনা প্রকাশ করি। আমাদের বার্তা হচ্ছে ছাত্ররাজনীতির পুরোনো ধারা থেকে বের হয়ে ক্যারিয়ারভিত্তিক ছাত্ররাজনীতি গড়ে তোলা। সেই প্রত্যাশা থেকেই আমাদের এ আয়োজন। এ ধরনের গঠনমূলক কার্যক্রম আমরা সব সময় করে আসছি এবং ভবিষ্যতেও অব্যাহত রাখব।
তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের ভালো সাড়া পাচ্ছি। ক্লাসের ফাঁকে শিক্ষার্থীরা আসছেন, প্রকাশনা কিনছেন। আমাদের পক্ষ থেকে কিছু উপহারও দেওয়া হচ্ছে। উপহারের মধ্যে রয়েছে রমাদান প্ল্যানার ও ক্যালেন্ডার। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে জুলাই আন্দোলন নিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীদের লেখা ‘জুলাই স্মৃতি’ বই।
এছাড়া, আমাদের তিন পাতার ক্যালেন্ডারে জুলাই ও বিজ্ঞান-প্রযুক্তিনির্ভর বিভিন্ন ফিচার তুলে ধরা হয়েছে। পাশাপাশি শিবিরের সিলেবাসভিত্তিক সাহিত্য, রমাদান পরিকল্পনা ও নিজস্ব প্রকাশনীর বইও রয়েছে আমাদের স্টলে।
এসএইচ জাহিদ/এনএইচআর/জেআইএম