ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়

শিক্ষিকা হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০১:০২ পিএম, ০৫ মার্চ ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে গলা কেটে হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন নিহতের স্বামী ইমতিয়াজুর সুলতান। এতে প্রধান আসামি করা হয় উক্ত বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমানকে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় এই এজহার দায়ের করা হয়। বাদ জোহর জানাজার নামাজের পর এফআইআর প্রস্তুত করা হবে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফজলুর রহমান আগে সমাজকল্যাণ বিভাগের কর্মচারী ছিলেন। পরবর্তীতে তার কিছু অসৌজন্যমূলক আচরণের কারণে বিভাগীয় প্রধান তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করে। অসদাচরণের জন্য বদলির আগে তাকে অনেকবার সুযোগ দেওয়া হয় কিন্তু আচরণ পরিবর্তন না হওয়ায় তাকে বদলি করা হয়। এজন্য এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এর বাইরে কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ।

এদিকে সকাল ১০টার দিকে আসমা সাদিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷ বাদ জোহর কুষ্টিয়া ইদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বুধবার বিকেল ৪টার দিকে আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করেন ফজলুর রহমান। পরে নিজেও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে আসমা সাদিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান চিকিৎসাধীন।

ইরফান উল্লাহ/এনএইচআর/এএসএম