ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

হাদি হত্যার বিচার প্রক্রিয়া ভিন্নখাতে নেওয়া হচ্ছে: ইনকিলাব মঞ্চ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ০৯ মার্চ ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে ওসমান হাদির খুনিকে গ্রেফতারের বিষয়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এমন অভিযোগ করেন।

তিনি বলেন, ‘গতকাল থেকে বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল ও কালচারাল ফ্যাসিস্টরা ওসমান হাদি হত্যার দায়ভার তার সহযোদ্ধাদের ওপর চাপিয়ে তাদের হত্যাযোগ্য করে তুলছে। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যারা এসব প্রোপাগান্ডা চালাচ্ছে তারা আপনাদের দলের কর্মী। আপনারা যদি তাদের না থামান তাহলে আমরা ধরে নেবো এতে আপনাদেরও মদত রয়েছে।’

আরও পড়ুন:
ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম ১৪ দিনের রিমান্ডে
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার

জাবের আরও বলেন, ‘যিনি গুলি করেছেন তিনি কেবল শহীদ ওসমান হাদিকেই হত্যা করেননি, এর পেছনে বড় একটি চক্র জড়িত। তাদের আটকে আমরা প্রশাসনের কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। আমাদের দাবি খুব স্পষ্ট। দ্রুত হাদির খুনিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি এই হত্যাকাণ্ডে কোন চক্র জড়িত- সেটা উদঘাটন করে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয়েছিল তখন একটা গোষ্ঠী সেটাকে ফুটেজ কামানোর উপায় বলে আখ্যা দিয়েছিল। এরপর গতকাল থেকে তারা আবার বলাবলি করছে, ভারত সরকার খুনিকে গ্রেফতার করায় আমরা কোনো প্রতিক্রিয়া দেখাইনি কেন। আমরা বলতে চাই, আমরা কাউকে কৃতজ্ঞতা জানাতে এখানে আসিনি। আমরা আমাদের অধিকার আদায়ে এসেছি।’

ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, ‘আপনারা মনে করেছেন ওসমান হাদি বা জুমা-জাবেরকে থামিয়ে দিলে ইনকিলাব মঞ্চকে থামিয়ে দেওয়া যাবে। আমরা আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি, পারলে আপনারা ইনকিলাব মঞ্চকে থামিয়ে দেখান। আমাদের দেহে যতদিন প্রাণ রয়েছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপস করবো না।’

এফএআর/ইএ