ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাবি | প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১৬ মার্চ ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অধ্যাপক ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের শিক্ষক।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, আমাদের কাছে এখনো প্রজ্ঞাপন আসেনি। তবে আমরা জানতে পেরেছি নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। দ্রুতই নতুন উপাচার্যকে সব দায়িত্ব বুঝিয়ে দেবেন সাবেক উপাচার্য।

এ বিষয়ে জানতে চাইলে নতুন এই উপাচার্য জানান, দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন। তবে অফিসিয়াল প্রজ্ঞাপন এখনো হাতে পাননি।

ড. ফরিদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও ইউট্যাবের সদস্য হিসেবে আছেন। ২০২২ সালে তিনি ব্যবসা অনুষদের ডিন হিসেবে বিএনপি-জামায়াত প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন ও ২০২০ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। শিক্ষাজীবনে তিনি ১৯৮৯ সালে মার্কেটিং বিভাগ থেকে অনার্স ও ১৯৯০ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

এছাড়া ২০১৩ সালে তিনি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, ২০০৬ সালে সুইডেনের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন। এমনকি গবেষণায় কাজেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

মনির হোসেন মাহিন/এমএন/এএসএম