খামারে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধে কৃষকদের প্রশিক্ষণ দিলো শেকৃবি
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নে এ কর্মশালার আয়োজন করা হয়, ছবি: জাগো নিউজ
খামার পর্যায়ে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম বিভাগের উদ্যোগে হয়ে গেলো প্রশিক্ষণ কর্মশালা।
মঙ্গলবার (৭ এপ্রিল) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে স্থানীয় ৩০ জন খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়।
অ্যান্টিমাইক্রোবিয়াল হলো এমন পদার্থ যা অণুজীব, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা পরজীবী ধ্বংস করে বা তাদের বংশবৃদ্ধি রোধ করে। এগুলো সংক্রমণ চিকিৎসায় (যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল) ব্যবহৃত হয়। তবে অপব্যবহারের ফলে অণুজীবরা ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা (এএমআর) গড়ে তোলে, যা বিশ্ব স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম। টেকনিক্যাল সেশন পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুল হাছান।
কর্মশালায় খামার পর্যায়ে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার, অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ব্যবহার পরিহার, এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে করণীয় বিষয়ে অংশগ্রহণকারী খামারিদের ধারণা প্রদান করা হয়।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বর্তমান সময়ের একটি গুরুতর বৈশ্বিক চ্যালেঞ্জ। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অতিরিক্ত ব্যবহার এ সমস্যাকে আরও জটিল করে তুলছে। তিনি খামারিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয় এবং সঠিক মাত্রা ও নির্ধারিত সময় মেনে চলা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, খামার পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণই পারে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি কমাতে এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বহিরাঙ্গন কার্যক্রম বিভাগ বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ প্রযুক্তি, উন্নত জাত এবং আধুনিক কৃষি পদ্ধতি মাঠ পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম। এটি বিশ্ববিদ্যালয় ও কৃষকের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং প্রশিক্ষণ, প্রদর্শনী ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে টেকসই কৃষি ও গ্রামীণ উন্নয়নে ভূমিকা রাখে।
এমডিএসএ/এসএনআর