পহেলা বৈশাখ
রাবির শোভাযাত্রায় ঠাঁই পাচ্ছে বৈশ্বিক জ্বালানি সংকট, চলছে প্রস্তুতি
রঙতুলির আঁচড়ে ব্যস্ত রাবির চারুকলার শিক্ষার্থীরা/ছবি-জাগো নিউজ
নববর্ষকে সামনে রেখে বৈশাখী উৎসবের জোর প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। বৈশাখী শোভাযাত্রা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা তৈরি করছেন বর্ণিল মোটিফ। সেখানে বাঙালির ঐতিহ্যের পাশাপাশি ফুটে উঠেছে সমসাময়িক বিশ্ব বাস্তবতার প্রতিফলন। এবারের শোভাযাত্রায় যুদ্ধ ও জ্বালানি সংকটের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হচ্ছে।
শোভাযাত্রার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ঘোড়া ও ঘোড়ার গাড়ির মোটিফ। পাশাপাশি জাতীয় মাছ ইলিশ, শৈশবের স্মৃতিবাহী টমটম গাড়ি এবং প্রাচীন রাজা-বাদশা ও ঐতিহাসিক চরিত্রের মুখোশ স্থান পাচ্ছে এবারের বৈশাখী আয়োজনে। বিশ্ব পরিস্থিতি তুলে ধরতে একটি বিশেষ প্রদর্শনীরও উদ্যোগ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন একাডেমিক ভবন প্রাঙ্গণে চারুকলার শিক্ষার্থীরা বাঁশ, কাঠ, লোহা ও রঙিন কাগজ দিয়ে মোটিফ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয়ভাবে নির্ধারিত প্রতিপাদ্য না থাকায় এবং বিতর্ক এড়াতে সরকারি নির্দেশনা অনুযায়ী বৈশাখী শোভাযাত্রা নামেই এবারের বাংলা বর্ষবরণের আয়োজন করা হচ্ছে। জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে সময় ও বিদ্যুৎ ব্যবহারে সংযম আনা হয়েছে। সন্ধ্যার মধ্যেই বৈশাখী আয়োজন শেষ করা হবে।
চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী নাসির হোসেন বলেন, ‘গতবছর পহেলা বৈশাখ ছিল রমজান মাসে। দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে বড় পরিসরে বর্ষবরণের আয়োজন হয়নি। তবে এবার নতুন উদ্যমে কাজ করছি।’

চারুকলা অনুষদের অধ্যাপক ড. আরিফুল ইসলামের মতে, ‘বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে ইঙ্গিত দিতে এমন মোটিফ তৈরি করা হচ্ছে, যেখানে মানুষ আবার পুরোনো বাহনের দিকে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। প্রাচীন বাহন ঘোড়া ও ঘোড়ার গাড়ি সেই বাস্তবতার প্রতীক হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
অর্থায়নের বিষয়ে চারুকলা অনুষদের আরেক অধ্যাপক ড. হুমায়ুন কবীর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের ব্যক্তিগত শ্রম ও অর্থায়নেই প্রস্তুতি চলছে। সাংস্কৃতিক স্বকীয়তা বজায় রাখতে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্পন্সর নেওয়া হয়নি।
মনির হোসেন মাহিন/এসআর/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ চৈত্র সংক্রান্তিতে জাবিতে ভেলা বাইচ প্রতিযোগিতা
- ২ মৃত্যু পর্যন্ত সাংবাদিকতা বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক সাখাওয়াত
- ৩ রাবির শোভাযাত্রায় ঠাঁই পাচ্ছে বৈশ্বিক জ্বালানি সংকট, চলছে প্রস্তুতি
- ৪ ইবির ধর্মতত্ত্বের ভর্তি পরীক্ষায় প্রথম রংপুরের মোত্তালেব
- ৫ সামুদ্রিক সহযোগিতা বাড়াতে ঢাবি-এসসিএসআইও সমঝোতা স্মারক সই