ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

কুবির প্রধান ফটকে তালা

প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষকদের ৬ দফা দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বৃহস্পতিবার বিকেলে সমঝোতা বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। তাই সাধারণ শিক্ষার্থীরা ক্লাসে ফেরার বিষয়ে কুবি প্রশাসনের কোনো ঘোষণা না পেয়ে বিকেল সোয়া ৫টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে।

খবর পেয়ে রাত সোয়া ৭টার দিকে কুবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকীর নেতৃত্বে শিক্ষক নেতারা ভিসির কার্যালয়ে প্রবেশ করেন। তবে রাত সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিসির কার্যালয়ে শুরু হওয়া বৈঠকের বিষয়ে কিছুই জানা যায়নি।

জানা যায়, কুবির শিক্ষক তারিক হোসেন এবং আশিখা আক্তারের বাসায় সন্ত্রাসী হামলার বিচার, নবনিযুক্ত প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে সকল ধরনের প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দেয়া, উপাচার্যের উপস্থিতিতে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকদের ওপর হামলাকারী অধ্যাপক ড. সৈয়দুর রহমানকে আইকিউএসি থেকে অপসারণ, ওই ঘটনার বিচার এবং গত বছরের ১ আগস্ট ঘটে যাওয়া খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করাসহ ৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ করে দিয়ে রোববার থেকে লাগাতার আন্দোলন করে আসছেন কুবির শিক্ষকরা। এতে বিভিন্ন বিভাগের ২৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

নবনিযুক্ত প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন জানান, ‘বিকেলে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ভিসির সঙ্গে বৈঠক করার কথা থাকলেও কেউ আসেনি, তাই শিক্ষার্থীরা সোয়া ৫টার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। এসময় ছাত্ররা শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ করেছে।’

 এ বিষয়ে মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আশরাফ জানান, শিক্ষকদের আন্দোলনের ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিকেলে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকের কথা থাকলেও তাদের কেউ না আসায় ক্লাস-পরীক্ষা শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। তবে ফটকে তালা দেয়ার খবর শুনে কিছু শিক্ষক নেতা এ বিষয়ে কথা বলতে এসেছেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।  

কামাল উদ্দিন/এআরএ/পিআর