ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

প্রস্তাবিত বেতন কাঠামোয় ক্ষুব্ধ যবিপ্রবি শিক্ষক সমিতি

প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৫ মে ২০১৫

প্রস্তাবিত ৮ম জাতীয় বেতন কাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষকবৃন্দ। একই সঙ্গে নেতৃবৃন্দ এই বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবি জানিয়েছেন।

এ দাবিতে মঙ্গলবার দুপুরে যবিপ্রবি’র মূল ফটকে মানববন্ধন কর্মসূচি পালন করবেন বিক্ষুব্ধ শিক্ষকবৃন্দ।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এক বিবৃতিতে জানানো হয়েছে, ৮ম জাতীয় বেতন কাঠামোর প্রস্তাবনায় সিনিয়র অধ্যাপকবৃন্দের (সিলেকশন গ্রেড প্রাপ্ত) বেতন কাঠামো সিনিয়র সচিবদের বেতন কাঠামো হতে দুই ধাপ নীচে বিবেচনা করা হয়েছে, যা কোনভাবেই কাম্য নয়। এছাড়া এই প্রস্তাবনায় সিলেকশন গ্রেড বাতিলেরও সুপারিশ করা হয়েছে। ওই প্রস্তাবনায় সচিব কমিটি নতুন পদ সৃষ্টি করে নিজেদের জন্য অযৌক্তিক সুযোগ-সুবিধার প্রস্তাব করে এ বেতন কাঠামোর সর্বজন গ্রহণযোগ্যতা বিনষ্ট করেছে। শিক্ষকদের স্বার্থ ক্ষুণ্নকারী সচিব কমিটির সুপারিশকৃত বেতন কাঠামো গ্রহণযোগ্য হতে পারে না।

এ অবস্থায় শিক্ষক সমিতি প্রস্তাবিত বেতন কাঠামোর বৈষম্য দূর করে সিলেকশন গ্রেডের অধ্যাপকদের বেতন-ভাতা সিনিয়র সচিবদের সমতুল্য ও অধ্যাপকদের বেতন-ভাতা পদায়িত সচিবদের সমতুল্য করা এবং সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণ করা, ভারতসহ অন্যান্য দেশসমূহের মতো করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণ ভাতা, বই ভাতাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা, সরকারি কর্মকর্তাদের মতো শিক্ষকদের গাড়ি ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা, রাষ্ট্রীয় ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে পদমর্যাদা নিশ্চিত করা এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল ও বিশেষ মর্যাদা নিশ্চিত করার দাবি জানিয়েছে। এ দাবিতে মঙ্গলবার বেলা ০১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যলয়ের মূল ফটকের সামনে বিক্ষুব্ধ শিক্ষকসমাজ মানববন্ধন কর্মসূচি পালন করবে।

মিলন রহমান/এমএএস/আরআইপি