কুবি শিক্ষার্থীদের হল-পরিবহন ফি মওকুফ
করোনাকালীন সময়ের জন্য শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
সোমবার (৫ জুলাই) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।
তিনি বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলের (শিক্ষা পরিষদ) সুপারিশ অনুযায়ী, গত ২৭ জুন বিশ্ববিদ্যালয়ের ৮০তম সিন্ডিকেট সভায় করোনাকালীন সময়ের জন্য শিক্ষার্থীদের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়। যারা এরইমধ্যে এসব ফি আদায় করেছেন, তাদের ক্ষেত্রে এটি পরবর্তীতে সমন্বয় করা হবে। এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের খোলা পর্যন্ত কার্যকর থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে করোনাকালীন সময়ে স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এ বিষয়ে যাচাই-বাছাই করে সুপারিশ করলে তা বিশ্ববিদ্যালয়ের এফসি (অর্থ কমিটি) হয়ে সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানকে আহ্বায়ক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহেরকে সদস্য সচিব ও সব অনুষদের ডিনদের সদস্য করা হয়েছে।
এর আগে গত ১৪ জুন শিক্ষার্থীরা স্নাতকোত্তরের ভর্তি ফি হ্রাস, পরিবহন ও আবাসিক হল ফি মওকুফ করার দাবিতে মানববন্ধন করেন ও উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
এসএমএম/এমকেএইচ