ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

জলাবদ্ধতায় চরম দুর্ভোগে রাবি শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৪:৪৩ এএম, ০৩ এপ্রিল ২০১৬

ভারি বৃষ্টির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন জায়গায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ক্লাস করতে আসা শিক্ষার্থীদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। শনিবার রাতে ভারি বৃষ্টির কারণে এ অবস্থার সৃষ্টি হয়।

বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আমরা তো ক্যাম্পাসে বেশ কয়েক বছর ধরে আছি। এর আগেও বৃষ্টি হয়েছে। তবে এ সমস্যার মধ্যে পড়তে হয়নি। এ পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয়ের পানি নিষ্কাশন ব্যবস্থাকে দায়ী করেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা, শনিবার রাতে ভারি বৃষ্টির পর বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ড, দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের রাস্তা, পরিবহন মার্কেটের সামনে, টুকিটাকি চত্বর, লোকপ্রশাসন চত্বরসহ বিভিন্ন হলের সামনে রাস্তায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সকালে ক্লাস করতে আসা শিক্ষার্থীদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।

RU

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সেলিম রেজা জাগো নিউজকে বলেন, জলাবদ্ধতার কারণে ক্লাসে যেতে সমস্যা হচ্ছে। এই জলবদ্ধতা এর আগে ছিলো না। ক্যাম্পাসে পানি নিষ্কাশন ব্যবস্থায় সমস্যার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ড শাখার সহকারী রেজিস্ট্রার মো. ইলিয়াস হোসেন জাগো নিউজকে জানান, বৃষ্টির পরিমাণ খুব বেশি হওয়ায় পানি কোথায় বের করা যাচ্ছে না। এছাড়াও ড্রেনগুলোতে বিভিন্ন ময়লা জমে থাকায় পানি খুব ধীরে ধীরে বের হচ্ছে। তবে স্টুয়ার্ড শাখা তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান জাগো নিউজকে জানান, হয়তো পানি নিষ্কাশন ড্রেনে কিছু আটকে গেছে। তাই পানি বের হতে পারছে না। যতো দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের চেষ্টা করা হবে।

রাশেদ রিন্টু/এআরএ/এমএস