ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবিতে চলছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলছে দিনব্যাপী ফ্রী মেডিকেল সেবা ও স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ক্যাম্প শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ক্যাম্পটির আয়োজন করেছে কমল মেডি এইড, ঢাবি এবং সহযোগিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দীন হলের শিক্ষার্থী তানভীর বারী হামীম।

মেডিকেল ক্যাম্প ঘুরে দেখা যায়, ১৪টি বুথের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে দুটি রেজিস্ট্রেশন বুথ, একটি মেডিসিন বুথ এবং বাকিগুলোতে চিকিৎসকরা রোগী দেখছেন। ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি, চর্ম, নারী বিশেষজ্ঞ, অর্থোপেডিক্সসহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা বিনামূল্যে রোগী দেখছেন এবং প্রেসক্রিপশন দিচ্ছেন। শিক্ষার্থীরা মেডিসিন বুথ থেকে প্রয়োজনীয় ঔষধ সংগ্রহ করছেন।

ঢাবিতে চলছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম

সেবা নিতে আসা শিক্ষার্থী মুনিরা আক্তার বলেন, হলের শিক্ষার্থীরা যে ধরনের খাবার খেয়ে অভ্যস্ত তাতে তাদের শরীরে অসুখ বাসা বাঁধা খুবই সহজ ব্যপার। সেই তুলনায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা যথেষ্ট অপ্রতুল এবং অপর্যাপ্ত। সে হিসেবে এ ধরনের আয়োজন কিন্তু অবশ্যই প্রশংসার দাবিদার। এ ধরনের আয়োজন আরও বেশি বেশি করা উচিত।

মেডিকেল ক্যাম্পের আয়োজক তানভীর বারী হামীম জানান, কমল মেডি এইড হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিনামূল্যে টেলি মেডিসিন সেবা। আমরা হলের শিক্ষার্থীদের কোনো সার্ভিস চার্জ ছাড়াই তাদের দোরগোড়ায় ওষুধ পৌঁছে দেই। কমল মেডি এইড এর উদ্যোগে এর আগে আমরা একটি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট করেছি। এবার মেডিকেল ক্যাম্প করছি। আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি। আমরা সামনের দিনেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।

ঢাবিতে চলছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম

এর আগে সকাল ৯টায় ক্যাম্প উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর সাইফুদ্দিন আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

এমএইচএ/এসএনআর/এএসএম