ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবির সংগ্রহশালায় আবু সাঈদ-ওয়াসিমের ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৫:১০ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘জুলাই স্মৃতি সংগ্রহশালায়’ সংরক্ষণের জন্য শহীদ মো. আবু সাঈদ মিয়া এবং শহীদ মো. ওয়াসিম আকরামের ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এসব হস্তান্তর করা হয়। শহীদ মো. আবু সাঈদের মা মনোয়ারা বেগম এবং শহীদ মো. ওয়াসিমের বাবা শফিউল আলম এসব জিনিসপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন।

ঢাবির সংগ্রহশালায় আবু সাঈদ-ওয়াসিমের ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর

এ সময় ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ-আল-মামুন উপস্থিত ছিলেন। এছাড়াও শহীদ মো. আবু সাঈদ মিয়া এবং শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধীরে ধীরে এটিকে পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের ব্যবহৃত জিনিসপত্র এখানে অত্যন্ত যত্নসহকারে সংরক্ষণ করা হবে। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে অভ্যুত্থানে শহীদদের পরিবারকে সম্পৃক্ত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এমএইচএ/কেএসআর/জিকেএস