ধামরাইয়ে বিনোদন কেন্দ্রে শিক্ষার্থী-কর্মচারী সংঘর্ষ, গ্রেফতার ৪
ঢাকার ধামরাইয়ে বিনোদন কেন্দ্রে শিক্ষার্থী-কর্মচারী সংঘর্ষে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, মো. রাকিব (২৩), অন্তর (১৮), মো. সুমন (৩১), মো. রানা (২৩)। তারা সবাই ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সীতি এলাকার বাসিন্দা।
এর আগে উপজেলার কুল্লা ইউনিয়নের সীতি এলাকার আলাদীন্’স পার্কে সংঘর্ষের এ ঘটনা ঘটে। রাতে কলেজের শিক্ষক মো. আব্দুল হাই বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন।
মামলার আসামিরা হলেন, আলাদীন্’স পার্কের মালিকের ছেলে রিফাত মাহমুদ (৩৫), পার্কের ব্যবস্থাপক নকিবুল রনি (৪৮), মালিক আলাউদ্দিন (৫৭), পার্কে কর্মরত আবুল কালাম আজাদসহ (৩৫) অজ্ঞাতপরিচয়ের আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের শিক্ষক মো. আব্দুল হাই বলেন, পার্কের লোকজন আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তারা কাঠের লাঠি ও লোহার রড দিয়ে মারধর করেন। ধারালো অস্ত্র দিয়ে তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালালে কয়েকজন মারাত্মক আহত হন।
তিনি আরও বলেন, আহতদের ধামরাই ও সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এইচএসসি পরীক্ষার্থী জাকারিয়া সাভারের বেসরকারি এনাম মেডিকেলে এখনো ভর্তি রয়েছে। সে হাতে মারাত্মক আঘাত পেয়েছে। একই শ্রেণির শিক্ষার্থী রিফাতকে আজকে এনাম মেডিকেল থেকে ঢাকায় আনা হচ্ছে। সে মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, রাতে একজন শিক্ষক চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা হিসেবে আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
মাহফুজুর রহমান নিপু/আরএইচ/জিকেএস