গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত
ফাইল ছবি
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে হাওড় এক্সপেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই রেললাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। রোববার রাত আড়াইটার দিকে গাজীপুরের ভাওয়াল এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার কমলাপুর থেকে রোববার রাতে হাওড় এক্সপ্রেস ট্রেনটি গাজীপুর হয়ে মোহনগঞ্জ যাচ্ছিল। যাওয়ার পথে ট্রেনটি ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গাজীপুরের ভাওয়াল এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ফলে যমুনা ও বলাকাসহ কয়েকটি ট্রেন আশপাশের স্টেশনে আটকা পড়ে আছে। ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।
জয়দেবপুর রেলজংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন আনা হয়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। উদ্ধার কাজ শেষ হলে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
আমিনুল ইসলাম/এসএস/এমএস