ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহে বিপুল ভারতীয় জিরা-চিনিসহ কসমেটিকস জব্দ

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১২ মার্চ ২০২৫

ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, চিনি, তেঁতুলসহ কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বিজিবি। এসময় একজনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিকেলে বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে সীমান্ত এলাকা থেকে ভারতীয় পণ্যগুলো জব্দ করা হয়।

আটক ওই ব্যক্তির নাম মো. ইয়াছিন আনোয়ার (৩২)। তিনি ঢাকার কামরাঙ্গীচর থানাধীন নয়াগাঁও গ্রামের মো. ইব্রাহিম শিকদারের ছেলে।

ময়মনসিংহে বিপুল ভারতীয় জিরা-চিনিসহ কসমেটিকস জব্দ

বিজিবি জানায়, ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজলার সূর্যপুর, ঘোষগাঁও, বাদরকাটা বিওপি ও শেরপুরের ঝিনাইগাতী উপজলার তাওয়াকুচা ও নকশী বিওপি'র সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল চোরাকারবারি চক্র। বিজিবির টহলদল গোপন সংবাদর ভিত্তিতে এসব এলাকায় পৃথক অভিযান চালালে দৌড়ে পালিয়ে যান চোরাকারবারি চক্রের সদস্যরা। এসময় একটি মোটরসাইকেল ও পিকআপ জব্দ করে পিকআপচালক ইয়াছিনকে আটক করা হয়। এসময় এক হাজার ৬৪৫ কেজি ভারতীয় জিরা, ৩৫৫ কেজি ভারতীয় চিনি, ৪৯২ পিস ভারতীয় কসমেটিকস সামগ্রীসহ ৬৫ কেজি ভারতীয় তেঁতুল জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, ভারতীয় পণ্যগুলো অবৈধভাবে চোরাইপথে এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো। বিজিবির টহলদল চোরাচালানের তথ্য পেয়ে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্যগুলো জব্দ করে একজনকে আটক করেছে। সীমান্তে চোরাচালান বন্ধ করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এএসএম