ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শার ডিহিতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ০৭:২৫ পিএম, ০৩ জুন ২০১৬

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৬ জনকে নাভারন স্বাস্থ্য কেন্দ্র ও একজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ডিহি ইউনিয়নের ক্ষমতাসীন দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হোসেন আলীর সমর্থকদের বাড়িতে বোমা হামলা ও  মারপিটের ঘটনায় শুক্রবার বিকেলে শার্শায় সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন শেষে বাড়ি যাওয়ার পথে বিকেল সাড়ে ৫টার দিকে নৌকা প্রার্থী একেএম ফজলুল হকের সমর্থকরা হামলা চালায় তাদের উপর।

এসময় দু‘পক্ষের সংঘর্ষে তেবাড়িয়া গ্রামের নায়েব হোসেন (২২), জালাল (২৬), শফিক (৩৪) কুদু শেখ (৪৫), গোকর্ণ গ্রামের আইযুব হোসেন (২৫), বাদশা (২২), আব্দুল জলিল (৪৪), জাকির হোসেন(২২)সহ ১০ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এদের মধ্যে জাকিরের অবস্থার অবনতি হলে তাকে রাতেই যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তাদের মধ্যে জলিল, জালাল ও জাকির হোসেন আলীর সমর্থক ও আইয়ুব, নায়েব হোসেন, বাদশা, শফিক ও কুদু শেখ ফজলুল হকের সমর্থক।
 
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (টিএনও) আব্দুল সালাম পুলিশ ও বিজিবি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাজারের দোকান পাট বন্ধ করে দেয়া হয়েছে।
 
এবিষয়ে ডিহি ইউনিয়নের যুবলীগ সভাপতি ফজলুর রহমান জানান, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির এসআই সন্ধ্যার পর সাড়াতলা বাজারে  নৌকার নির্বাচনী কার্যালয়ে এসে তাকে ও ছাত্রলীগের সভাপতি আইয়ুব আলীকে মারধর করেন। এক পর্যায়ে নির্বাচনী কার্যালয়ে থাকা চেয়ার ভাংচুর করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমানের হস্তক্ষেপে বিষয়টির মিমাংসা হয়।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আমি সরকারি কাজে বাইরে ছিলাম। ঘটনাস্থল টিএনও স্যার পুলিশ ও বিজিবি পরিদর্শন করেছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সেই সঙ্গে এলাকায় পুলিশ টহল দিচ্ছে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলেও জানান তিনি।


মো. জামাল হোসেন/এসকেডি