পাম্পে তেল নিতে গিয়ে বিশৃঙ্খলা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তেল নিতে গিয়ে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোবারক হোসেন (৩০) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। পরে মোবারক হোসেনকে থানায় নিয়ে যায় পুলিশ।
দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন একই উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সূত্র জানা গেছে, লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসা সবাইকে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। মোবারক হোসেনকেও ৫০০ টাকার তেল দেওয়ার পরেও তিনি লাইন থেকে মোটরসাইকেল সরাচ্ছিলেন না। তিনি আরও ৫০০ টাকার তেল দাবি করেন। এসময় নিয়মের বাইরে তেল দিতে অপারগতা প্রকাশ করে পাম্প কর্তৃপক্ষ। এতে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয় মোবারক হোসেনের।
বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানকে অবগত করে পাম্প কর্তৃপক্ষ। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাম্পে গিয়ে ওই যুবককে বুঝানোর চেষ্টা করলে তিনি ইউএনওর সঙ্গেও বাগবিতণ্ডা ও অশোভন আচরণ শুরু করেন। পরে ওই যুবককে ১৫ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ওই যুবককে কারাদণ্ড দেওয়ার পর তাকে থানায় নেওয়া হয়। এরপর কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোবারককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কামরুজ্জামান মিন্টু/এসআর/জেআইএম