ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গায়ের রঙ নিয়ে ঝগড়া : গৃহবধূর চুল কাটলো শাশুড়ি-ননদ

প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৫ জুন ২০১৬

গায়ের রঙ নিয়ে বিবাদে মাথার চুল হারালেন গৃহবধূ রত্না বেগম (২৪)। রোববার দুপুরে শাশুড়ি ও ননদ মিলে মাথার চুল কেটে দিয়েছে ওই গৃহবধূর। যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতিত গৃহবধূ রত্না বেগম ওই গ্রামের মহিউদ্দিন সাগরের স্ত্রী ও মণিরামপুরের শরণপুর গ্রামের মাহাবুবুর রহমান বাবলুর মেয়ে। রোববার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছিল।

গৃহবধূ রত্না বেগম জানান, তার গায়ের রঙ পরিষ্কার। অন্যদিকে তার শাশুড়ি, ননদসহ অন্য সদস্যদের গায়ের রঙ কালো। আর এই নিয়ে প্রায়ই শাশুড়ি ও ননদের সঙ্গে তার বিবাদ বাধতো। রোববার দুপুরেও এ নিয়ে বাকবিতাণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শাশুড়ি নাজমা বেগম ও ননদ শাপলা খাতুন ধারালো ছুরি দিয়ে রত্নার মাথার সামনের অংশের প্রায় অর্ধেক চুল কেটে দেন।  

খবর পেয়ে ওই গৃহবধূর মা ও বোন ছুটে আসেন। এরপর সন্ধ্যার দিকে থানায় অভিযোগ দেন।

যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাদিজা বেগম ওই গৃহবধূর বরাত দিয়ে জাগো নিউজকে জানান, পরিবারের সদস্যদের গায়ের রঙ প্রসঙ্গে কথা নিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মিলন রহমান/এআরএ/পিআর