ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে ইছামতি নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৬ এএম, ০৬ জুন ২০১৬

বেনাপোলের পুটখালি সীমান্তের ইছামতি নদী থেকে গোলজার আলী (৭০) নামে বাংলাদেশি এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ।

সোমবার ভোরের দিকে এই লাশটি উদ্ধার করা হয়। গোলজার আলী বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আতাব মোড়লের ছেলে। তিনি মানসিক রোগী ছিলেন।  

মৃত গোলজারের ছেলে পুটখালি ইউনিয়নের ইউপি সদস্য লিয়াকত আলী জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাড়িতেই থাকতেন। শনিবার ভোটের দিন তিনি বাড়ি থেকে বের হয়ে যান। দুই দিন তার কোনো খোঁজ না পেয়ে বাড়ির সবাই চিন্তিত ছিল।

সোমবার ভোরে ইছামতি নদীতে একটি মরদেহ ভাসছে এ খবর পেয়ে তারা বিষয়টি পুটখালি বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে পুটখালি সীমান্তের বিপরীতে ভারতীয় আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা গাইঘাটা পুলিশের সহযোগিতায় মরদেহটি নদী থেকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।

পুটখালি বিজিবি ক্যাম্পের সুবেদার শামছুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ফেরতের জন্য বিএসএফের কাছে পত্র দেওয়া হয়েছে। দুপুরের দিকে মরদেহটি ফেরত পাওয়া যেতে পারে।

জামাল হোসেন/এফএ/পিআর