ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোট না দেয়ায় গৃহবধূকে গণধর্ষণ

প্রকাশিত: ০১:২১ পিএম, ০৬ জুন ২০১৬

ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীকে ভোট না দেয়ায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ‘নৌকা প্রতীকের কর্মীরা’ এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি ওই গৃহবধূর। রোববার মধ্যরাতে উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার গৃহবধূকে সোমবার বিকেলে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, ঘটনাটির সত্যতা যাচাইয়ে তদন্ত করছে পুলিশ।

হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ জানান, ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে তার স্বামী ও তিনি চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী সরোয়ার হোসেনের ধানের শীষ প্রতীকে ভোট দেন। এতে সেদিনই তাদের উপর হামলার চেষ্টা করা হয়। এরপর ভয়ে ওই দিন তারা বাড়ি ছিলেন না। রোববার সন্ধ্যায় বাড়ি ফেরেন তারা।

খবর পেয়ে রাত ২টার দিকে মেম্বার শামসুজ্জামান বুলুর সহযোগী সেকেন্দার, সবুজ, জাহাঙ্গীর, কাইছেদসহ ৭/৮জন তাদের বাড়িতে হামলা করে। এসময় তার স্বামীকে মারধর করে তাকে বাড়ির পাশে একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে।

ধানের শীষের প্রার্থী সরোয়ার হোসেন বলেন, ভোটের দিন বুথে ঢুকে নৌকার সমর্থক আওয়ামী লীগ কর্মী শামসুজ্জামান বুলুর লোকজন ওই গৃহবধূর সিল দেয়া ব্যালট পেপার দেখেন। এতেই তারা ক্ষিপ্ত হন। এরপর থেকে তারা ভয়ে বাড়ি ছাড়েন। পরে তাদের বাড়িতে ফিরে আসার কথা বললে রোববার সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন। এ বিষয়ে তারা মামলা করবেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী বলেন, ভিকটিম দাবি করেছেন তিনি গণধর্ষণের শিকার হয়েছেন। তবে পরীক্ষা-নিরীক্ষা করেই তারা নিশ্চিত করে বলতে পারবেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ভুক্তভোগী নারীর সঙ্গে মোবাইলে কথা হয়েছে। তিনি প্রথমে চারজন পরে পাঁচজন তাকে ধর্ষণ করেছে এমন উল্টাপাল্টা কথা বলেছেন। এজন্য সত্য-মিথ্যা যাচাই করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মিলন রহমান/এআরএ/এবিএস