গাজীপুরে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম
গাজীপুরে দাবিকৃত চাঁদা না দেয়ায় জয়দেবপুর থানা পুলিশের কনস্টেবল মো. খলিলুর রহমানকে (৫৫) চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে চাঁদাবাজরা।
শুক্রবার দুপুরে গাজীপুর সদরের রাজেন্দ্রপুর এলাকায় মেয়ের বাড়ি যাওয়ার পথে এ হামলার শিকার হন খলিলুর রহমান।
তার স্ত্রী আনোয়ারা বেগম জানান, তাদের জামাতা কাজলা মিয়ার বাড়ি গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরে। কাজল বাড়ি নির্মাণ করার সময় স্থানীয় সন্ত্রাসীরা কাজলের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দাবির বিষয়টি জানতে দুপুরে মেয়ের বাড়ি যাচ্ছিলেন কনস্টেবল খলিলুর রহমান। কিন্তু মেয়ের বাড়ির কাছাকাছি যেতেই সন্ত্রাসীরা তার পথরোধ করে।
এসময় তারা খলিলকে বলে ‘আপনার জামাতা কাজলের কাছে ১ লাখ টাকা চাঁদা চেয়েছিলাম। কাজল চাঁদা দিতে পারবে না বলে জানিয়েছে। আপনিতো তার শ্বশুর, আপনিই টাকাটা দিয়ে দেন।’
এ সময় তাদের সঙ্গে খলিলুর রহমানের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা চাপাতি দিতে খুলিলুর রহমানের বাম হাতে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে কনস্টেবল খলিলকে কুপানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আমিনুল ইসলাম/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রেজাল্ট শিটে অগ্রিম পোলিং এজেন্টের সই, সেই প্রিসাইডিং অফিসারকে অপসারণ
- ২ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা
- ৩ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, কুমিল্লায় পোলিং অফিসার প্রত্যাহার
- ৪ দিনাজপুরে জামায়াতের টোকেন বিতরণের সময় ৩ ব্যক্তি আটক, জরিমানা
- ৫ ধুনটে ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত