ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জ

বিএনপির দু’পক্ষে মারামারি, কেটলির আঘাতে ফাটলো তাঁতিদল সভাপতির মাথা

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৮ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়েছে স্থানীয় বিএনপির দুই গ্রুপ। এতে অন্তত তিনজন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ওয়ার্ডটির শান্তিনগর ক্যানেল পাড় বালুর মাঠে এ ঘটনা ঘটেছে।

আহরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা তাঁতিদলের সভাপতি মো. তাইজুল ইসলাম, অপর গ্রুপের মো. জামান (৪৫) ও মো. সাইফুল ইসলাম (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মো. শামসুদ্দীন শেখ ও সিদ্ধিরগঞ্জ থানা তাঁতিদলের সভাপতি মো. তাইজুল ইসলামের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের একপর্যায়ে বিএনপি নেতা শামসুদ্দিন শেখের সমর্থকরা তাঁতিদল নেতা তাইজুল ইসলামকে চায়ের কেটলি দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে গিয়ে তিন গুরুতর আহত হন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতিদলের সভাপতি তাইজুল ইসলাম বলেন, আমি ছোটখাটো একটা কারখানায় ব্যবসা করি সেটা আমাকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু আমি তাদের কথায় অস্বীকৃতি জানানোয় আমার ওপর সাইফুল হামলা করেছে। মূলত শামসুদ্দীন শেখের ইন্ধনেই এ হামলা করা হয়। আমার মাথায় ১৮টি সেলাই পড়েছে ও হাত পুড়ে গেছে। আমি মামলা করেছি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য শামসুদ্দীন শেখ জাগো নিউজ জানান, মারামারি করা উভয়েই আমার সঙ্গে রাজনীতি করেন। যারা মারামারি করেছে তারা একে-অপরের আত্মীয়স্বজন। মারামারির সময় আমি ছিলাম না। তবে কোনো একটা পক্ষে ওদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে যাচ্ছে, যারা আগে থেকেই ব্যবসা করে যাচ্ছিলো। এ ঘটনায় আমার নাম আসার তো প্রশ্ন আসে না।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, সংঘর্ষে জড়ানোদের রাজনৈতিক পরিচয় জানা নেই। তবে একজনের মাথায় আঘাত করা হয়েছে। বাকি আহতরা গরম পানি পড়ে আহত হয়েছেন। অভিযোগ দায়ের হয়েছে, আমরা তদন্ত করছি।

মো. আকাশ/এমএন/এমএস