গাজীপুর-এয়ারপোর্ট : ঘণ্টায় যাতায়াত করবে ২৫ হাজার যাত্রী
ফাইল ছবি
গাজীপুর, টঙ্গী ও উত্তরা এলাকাকে যানজটমুক্ত করতে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) গাজীপুর-এয়ারপোর্ট লাইন নির্মাণ করা হচ্ছে। আর এ প্রকল্প বাস্তবায়ন হলে প্রতি ঘণ্টায় গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২৫ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে।
গত বৃহস্পতিবার (৯ মে) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গাজীপুরে বিআরটি বাস ডিপো নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, জুন মাসে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ২০ কিলোমিটার দীর্ঘ পথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪০ কোটি টাকা। এতে প্রতি কিলোমিটারে ব্যয় হচ্ছে প্রায় ১০২ কোটি টাকা। তবে এ ব্যয় আরো বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, ২০ কিলোমিটার এ প্রকল্পে ২৫টি স্টেশন, দুটি টার্মিনাল, ৮ লেন বিশিষ্ট একটি সেতু, ৮টি কাঁচাবাজার, ১১৩টি সংযোগ সড়ক, ২০ দশমিক ৫০ কিলোমিটার ফুটপাত, একটি বাস ডিপো এবং এয়ারপোর্ট, জসিমউদদীন রোড, কুনিয়া, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় মোট ৬টি ফ্লাইওভার নির্মাণ করা হবে। ২০১৯ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও প্রকল্পের সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
প্রকল্পের কর্মকর্তারা জানান, ৮ হাজার বর্গমিটারের বিআরটির বাস ডিপোটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি টাকা। এর মধ্যে দুইতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, ৫ হাজার বর্গমিটার পার্কিং এলাকা, তিন হাজার বর্গমিটার ওয়ার্কশপ শেড নির্মাণ ও ৫০০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। বর্তমানে এ প্রকল্পের ১৫ ভাগ সম্পন্ন হয়েছে।
জানা গেছে, চাহিদার তুলনায় রাজধানীতে নাগরিক সুবিধা বিশেষ করে কার্যকর ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা একেবারেই অপ্রতুল। আবার গাজীপুর থেকে টঙ্গী ও উত্তরা পর্যন্ত যানজটও ভয়াবহ আকার ধারণ করছে। তাই ঢাকা নগরীর পরিবহন সমস্যা দূর করতে ২০০৫ সালে বিশ্বব্যাংক একটি সমীক্ষা পরিচালনা করে।
সমীক্ষায় ছয়টি করিডোর চিহ্নিত করা হয়। এর মধ্যে তিনটি করিডোরে ম্যাস র্যাপিড ট্রান্সজিট (এমআরটি) বা মেট্রোরেল এবং তিনটি করিডোরে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লাইন স্থাপনের মাধ্যমে পরিবহন ব্যবস্থা উন্নয়নের জন্য সুপারিশ করা হয়।
এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকও ২০১১ সালে বিআরটি স্থাপনের সম্ভাব্যতা যাচাই করে গাজীপুর-এয়ারপোর্ট সড়ক সম্ভাব্য হিসেবে বিবেচনা করে। এরই অংশ হিসেবে সরকার গাজীপুর-এয়ারপোর্ট ২০ কিলোমিটার লাইন নির্মাণের সিদ্ধান্ত নেয়।
এটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে সড়ক ও জনপথ অধিদফতর, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরকে।
আমিনুল ইসলাম/এসএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রেজাল্ট শিটে অগ্রিম পোলিং এজেন্টের সই, সেই প্রিসাইডিং অফিসারকে অপসারণ
- ২ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা
- ৩ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, কুমিল্লায় পোলিং অফিসার প্রত্যাহার
- ৪ দিনাজপুরে জামায়াতের টোকেন বিতরণের সময় ৩ ব্যক্তি আটক, জরিমানা
- ৫ ধুনটে ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত