রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ
ধানের শীষ ও দাঁড়িপাল্লার পোলিং এজেন্ট সই করা ফাঁকা রেজাল্ট শিটগুলো জব্দ করে ছিঁড়ে ফেলা হয়
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরাকে অপসারণ করা হয়েছে। তিনি ভোট শুরুর আগেই ভোটের রেজাল্ট শিটে অগ্রিম পোলিং এজেন্টের সই নেওয়ার ঘটনায় অভিযুক্ত।
জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন্দ্রে নতুন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শামসুজ্জামান খান।
এর আগে, ওই কেন্দ্রে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর এজেন্টদের সই করা ২৩টি রেজাল্ট শিট জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম। উদ্ধার রেজাল্ট শিটের মধ্যে ১৬টিতে সলিমুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ধানের শীষের পোলিং এজেন্ট ও ৭টি রেজাল্ট শিটে দাঁড়িপাল্লার পোলিং এজেন্টের সই ছিল। পরে জব্দকৃত রেজাল্ট শিট ছিঁড়ে নষ্ট করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা।
এদিকে, ওই ঘটনার পর এরই মধ্যে কেন্দ্রটি পরিদর্শন করেছেন প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ বলেন, সকল ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরপেক্ষতার সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে।
এম শাহজাহান/এএমএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে ১ লাখ টাকা ও বিএনপির ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক
- ২ ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
- ৩ রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা
- ৪ রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ
- ৫ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা