ঝিকরগাছায় ঘরচাপায় বৃদ্ধের মৃত্যু
যশোরের ঝিকরগাছা উপজেলার খাসখালি এলাকায় ঘরচাপা পড়ে বৃদ্ধ আবদুল আজিজের (৮০) মৃত্যু হয়েছে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার খাসখালি গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।
শনিবার মধ্যরাতে ঝড়-বৃষ্টিতে ঘর ধসে পড়লে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, তাদের বসতঘর বেড়া দিয়ে নির্মিত। ওপরে টালি। শনিবার মধ্যরাতে ঝড়-বৃষ্টির সময় টালি ধসে পড়ে তার বাবা আবদুল আজিজের গায়ের ওপর। এছাড়া ঘরের একটি দরজাও ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুর রশিদ জানান, পথেই মৃত্যু হয়েছে আবদুল আজিজের।
জামাল হোসেন/এআরএ/পিআর