মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
কক্সবাজারের মহেশখালীতে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার ভোরে উপজেলার কালামারছড়া ইউনিয়নের চালিয়াতলীস্থ বালুরডেইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকের নাম মো. সরওয়ার কামাল (২৭)। তিনি কালামারছড়াস্থ উত্তর ঝাপুয়া এলাকার ডা. মোস্তাক আহমদের ছেলে।
কালামারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালিয়াতলীস্থ বালুরডেইল এলাকায় অভিযান চালিয়ে সরওয়ার কামালকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড তাজা কাতুর্জ উদ্ধার করা হয়। সরওয়ার কামাল চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি ব্যাংক ডাকাতি ও ব্যাংকের দারোয়ান হত্যা মামলার পলাতক আসামি।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান হচ্ছে জেনে নিরাপদ স্থান হিসেবে মহেশখালীতে অবস্থান করছে সরওয়ার।
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বনিক বলেন, অস্ত্রসহ গ্রেফতার সরওয়ার কামালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।
সায়ীদ আলমগীর/এসএস/পিআর