ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কুমিল্লায় ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৯:০০ এএম, ০৭ এপ্রিল ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় সড়ক ও জনপদ বিভাগের (সওজ) জায়গা থেকে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টা থেকে বিরতিহীনভাবে অভিযান চলে বিকেল পর্যন্ত।

এ সময় কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসিফুল হক, সড়ক ও জনপদ বিভাগ (সওজ)-এর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, কুমিল্লা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভুঁইয়া এবং বুড়িচং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সওজ জানায়, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দীর্ঘদিনের যানজট নিয়ন্ত্রণে সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট সরাতে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দখলদাররা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সোমবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত তিনটি বুলডোজার নিয়ে এই সব স্থাপনা উচ্ছেদ করা হয়। আজকের অভিযানে নিমসার পাইকারি বাজার এলাকার প্রায় ৪ শতাধিক ভাসমান ও স্থায়ী অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল সওজের জায়গা দখল করে এসব দোকান নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভাড়া আদায় করে আসছিল। এর ফলে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাক ও কাভার্ডভ্যান মহাসড়কের ওপরই মালামাল লোড-আনলোড করা হয়। যার কারণে নিমসার এলাকায় প্রতিদিনই তীব্র যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী বলেন, নিমসার কাঁচা বাজার সারাদেশে এক নামে পরিচিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে যে যেভাবে পেরেছে সওজ-এর জায়গা দখল করেছে। এছাড়া মহাসড়কের ওপর যত্রতত্র গাড়ি থামিয়ে পণ্য ওঠা-নামা করতো। যার কারণে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এই অংশে প্রায় যানজট লেগেই থাকে। এতে মানুষের দুর্ভোগের শেষ নেই।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, সওজের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হয়েছে এবং অবৈধ দখল উচ্ছেদে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।

সড়ক ও জনপথ অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, উচ্ছেদের পরপরই আমারা সাইনবোর্ড স্থাপন করেছি। সরকারি জায়গায় কেউ আর স্থাপনা নির্মাণ করতে পারবে না। এখানে বাস থামানো ব্যবস্থা করা হবে সওজের পক্ষ থেকে। এ ছাড়াও আমাদের পরিকল্পনা রয়েছে এ এলাকায় সার্ভিস লেন করার। যাতে করে স্থানীয় বাসিন্দারা যাতায়াত করতে পারে।

জাহিদ পাটোয়ারী/এনএইচআর/এএসএম