ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের এএসআই আহত
যশোরের ঝিকরগাছায় অভিযানকালে ডাকাতের ছুরিকাঘাতে তৌহিদুল ইসলাম (৪৫) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাত পৌনে ২টার দিকে ঝিকরগাছার ওয়াবদা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।
ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, সোমবার রাতে পুলিশের একটি টিম অভিযানে ছিল। রাত পৌনে ২টার দিকে ঝিকরগাছার ওয়াবদা বস্তি এলাকায় ডাকাত দলের সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালায়। এসময় এএসআই তৌহিদুল এক ডাকাতকে ধরে ফেলেন। কিন্তু ওই ডাকাত তৌহিদুলের পেটে ছুরি মেরে পালিয়ে যায়।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় অন্তত ১০ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
তবে এরআগে ছুরিকাঘাতের কারণ নিয়ে ঝিকরগাছা থানা পুলিশ লুকোচুরি করে। সকাল ৬টা থেকে একাধিকবার সংশ্লিষ্ট থানার ওসিসহ পুলিশের সঙ্গে যোগাযোগ করেও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
যশোরের সহকারী পুলিশ সুপার (ক-সার্কেল) ভাস্কর সাহা মুঠোফোনে জানান, এএসআই তৌহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঝিকরগাছা উপজেলার ওয়াবদা রোড এলাকায় অভিযানে যায়। এসময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তৌহিদুর রহমান মারাত্মক আহত হন।
মিলন রহমান/এফএ/পিআর