ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো বিএনপি নেতার

উপজেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) | প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন বারইয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে। তিনি একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য বলে জানা গেছে।

স্থানীয় ও কুমিরা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল আবেদিন মোটরসাইকেল চালিয়ে তার ব্যবসাপ্রতিষ্ঠান ছোট দারোগারহাট এলাকায় যাচ্ছিলেন। এসময় ঢাকামুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির রব্বানী বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম মাঈন উদ্দিন/এমএন/জিকেএস