গরম তেলে ঝলসে গেলেন মা ও মেয়ে
রান্না করা নিয়ে দুই নারী ভাড়াটিয়ার ঝগড়ায় এক নারীর নিক্ষিপ্ত গরম তেলে ঝলসে গেছেন এক মা ও মেয়ে। এ ঘটনায় আমেনা বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন রংপুরের মিঠাপুকুর থানাধীন মানিকবেরা এলাকার মাজেদুল ইসলামের স্ত্রী ইসমত আরা বেগম (২২) এবং তার তিন বছরের শিশু কন্যা মাজেদা আক্তার মায়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, আহত ইসমত আরা তার স্বামীর সঙ্গে চান্দরা পল্লীবিদ্যুৎ দক্ষিণপাড়া এলাকার শওকত হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় এফবি ফুটওয়্যারে চাকরি করেন। একই বাড়িতে ভাড়া থাকেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তাজনগর এলাকার আসাদ মিয়ার স্ত্রী আমেনা বেগম (৩৫)।
বৃহস্পতিবার ইফতারের আগে রান্না নিয়ে আমেনা ও ইসমত আরার সঙ্গে বাকবিতণ্ডা ও ঝগড়া হয়। একপর্যায়ে আমেনা বেগম উত্তেজিত হয়ে রান্না করা গরম তেল ইসমত আরার দিকে ছুড়ে মারেন। এসময় গরম তেলে ইসমত আরা ও তার কোলে থাকা মেয়ে মায়ার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ আমেনা বেগমকে আটক করে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, গরম তেল ছুড়ে মারায় মা ও মেয়ের শরীরের কিছু অংশ ঝলসে গেছে। এছাড়া আমেনা বেগমকে আটক করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/বিএ