ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে পরিবহন থেকে সাড়ে ১১ কেজি রূপা জব্দ

প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৭ জুন ২০১৬

বেনাপোল চেকপোস্টে ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী সৌহার্দ পরিবহনে তল্লাশি চালিয়ে সোলায়মান নামের এক পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে সাড়ে ১১ কেজি রূপা ও আরো দুইজনের কাছে থেকে ৪৯টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

তবে জব্দকৃত রূপা ও মোবাইল সেটের পরিমাণ আরো বেশি ছিল বলে বিভিন্ন মাধ্যমে শোনা গেছে। শুক্রবার বিকেলে বেনাপোল চেকপোস্ট কাস্টমস সদস্যরা এ রূপা ও মোবাইল জব্দ করে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস রাজস্ব কর্মকর্তা উত্তম কুমার সমাদ্দার জানান, গোপন সংবাদে জানা যায়, এক পাসপোর্টধারী যাত্রী কলকাতা থেকে ছেড়ে আসা সৌহার্দ পরিবহনে করে বিপুল পরিমাণ রূপা নিয়ে ঢাকায় যাবে। পরে পরিবহনটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তল্লাশি চালিয়ে ওই যাত্রীর ব্যাগ থেকে সাড়ে ১১ কেজি রূপা পাওয়া যায়। এছাড়া দেলোয়ার ও মৃনাল নামে অপর দুই যাত্রীর কাছ থেকে ৪৯টি উন্নতমানের ভারতীয় মোবাইল সেট পাওয়া যায়।

তিনি আরো জানান, ওই যাত্রীদের ছেড়ে দিয়ে তাদের কাছ থেকে পাওয়া সাড়ে ১১ কেজি রূপা ও ৪৯টি মোবাইল সেট বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেয়া হয়েছে।

উল্লেখ্য, এক শ্রেণির চোরাচালানীরা পাসপোর্টযাত্রীর ছদ্মবেশে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে এপথে বিভিন্ন পণ্য আনা নেওয়া করছে। মাঝে মধ্যে কিছু পণ্য আটক হলেও অধিকাংশ চালান থাকছে ধরা ছোঁয়ার বাইরে।

মো. জামাল হোসেন/বিএ