নারায়ণগঞ্জে আন্তজেলা ডাকাত দলের সদস্যসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১১এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
বুধবার আদমজীনগর র্যাব-১১, সিপিএসসির এএসপি মো. নাজিম উদ্দীন আল আজাদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- বন্দর উপজেলার মগারবাড়ী রামনগর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মো. খোকন ওরফে ছক্কা (৩২), একই এলাকার মো. মোস্তফার ছেলে মো. সোহাগ (২২) ও মনির হোসেনেরর ছেলে নাছির উদ্দীন (২৬)।
র্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রামনগর মগারবাড়ী এলাকায় অস্ত্রবিরোধী অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য খোকন ওরফে ছক্কাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি চায়নিজ কুড়াল, একটি চাপাতি, দুটি দা, দুটি ছোরা, একটি লোহার বেনা, একটি লোহার রেদ, তিনটি হাতুড়ি, একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
এদিকে, গ্রেফতার খোকন ওরফে ছক্কা মূলত সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বন্দর থানায় হত্যা ও ডাকাতি মামলা রয়েছে।
এছাড়া একই অভিযানে আরো দুজনের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দুটি পৃথক মামলা করা হয়েছে।
শাহাদাত হোসেন/এসএস/পিআর