ফতুল্লায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযানে গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আতিকুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে ফতুল্লার হাজীগঞ্জের ওয়াবদারপুল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আতিকুর রহমান ফতুল্লার হাজীগঞ্জ এলাকার মৃত মজনু মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আহম্মেদ জাগো নিউজকে জানান, ফতুল্লার মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে আতিকুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৪ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আতিকুরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
শাহাদাত হোসেন/এসএস/এবিএস