না.গঞ্জে ভেজাল সেমাই উদ্ধার : একজনের কারাদণ্ড
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল সেমাই উদ্ধার করেছে র্যাবের একটি টিম। ওই সময় একজনকে আটক করে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র্যাব-১১ এর সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক এএসপি শাহ্ শিবলী সাদিকের নেতৃত্বে এএসপি শাহ মো. মশিউর রহমান ওই অভিযান চালান। এসময় নারায়ণগঞ্জ জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আটককৃতকে কারাদণ্ড দেন।
র্যাব জানায়, ৩৫১, শাহ সুজা রোড, পাইকপাড়া বাবুল ফুড প্রোডাক্টস্ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং মেয়াদোত্তীর্ণ সেমাই বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত আসামি সোহেলকে (৪৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কোম্পানিতে পরিদর্শন করে দেখা যায়, বাবুল ফুড প্রোডাক্টস এর কোম্পানির মোড়কে লেখা আছে ঘি দিয়ে সেমাই ভাজা হয় কিন্তু কার্যক্ষেত্রে শুধু পামওয়েল তেল ব্যবহার করা হচ্ছে। এসময় কারখানায় মেয়াদোত্তীর্ণ সেমাইর মধ্যে তেলাপোকা এবং বিভিন্ন প্রকারের সাদা পোকা দেখা যায়।
ওই সেমাই কারখানা থেকে ৬০০ প্যাকেট মেয়াদোত্তীর্ণ লাচ্ছা সেমাই উদ্ধার করে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত সেমাইর আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
শাহাদাত হোসেন/এফএ/পিআর