চাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ৬ সহকারী পুলিশ সুপার
রাজশাহীর সারদাতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
অপসারণ হওয়া ৬ সহকারী পুলিশ সুপার হলেন- মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর সহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ।
প্রজ্ঞাপনে বলা হয়, তাদেরকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২) (এ) মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও জানানো হয়।
বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা সূত্রে জানা গেছে, রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১০২ জন কর্মকর্তা বর্তমানে এক বছর মেয়াদি প্রশিক্ষণে রয়েছেন। আগামী মাসে তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হবে। তবে এর আগেই ৬ কর্মকর্তা চাকরি হারালেন।
বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, প্রজ্ঞাপনটি এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। বিষয়টি জানা নেই।
সাখাওয়াত হোসেন/এনএইচআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল পাম্পে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ, যুবকের কারাদণ্ড
- ২ চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৫০ শিশু
- ৩ ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু
- ৪ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ২
- ৫ মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে, বৈশাখী উৎসব ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন