ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

প্রকাশিত: ১১:৩৪ এএম, ৩০ জুন ২০১৬

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে ও সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন পাঁচজন যাতে কোনোভাবেই বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্ত এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে না পারে সে লক্ষ্যেই এ সতর্কতা জারি করা হয়েছে।

সন্দেহভাজনরা হলেন- মুছা, রাশেদ, নবী, শাজাহান ও কালু।  

বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি করছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী প্রত্যেক পাসপোর্টধারী যাত্রীকে যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পরই তাদের যাতায়াতের অনুমতি দিচ্ছে চেকপোস্ট কর্তৃপক্ষ।

পাসপোর্টের মাধ্যমে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে এসপির স্ত্রী হত্যায় সন্দেহভাজনরা যাতে ভারতে পালাতে না পারে সেজন্য বহিরাগমন ডেস্ক অফিসারদের সামনে অপরাধীদের ছবি সেঁটে দেওয়া হয়েছে। কোনো পাসপোর্টধারী যাত্রীর নামের সঙ্গে অপরাধীদের নাম মিলে গেলে তাদের ছবি ও ঠিকানা যাচাই-বাছাই করে ছাড়া হচ্ছে।

গত বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের সব স্থলবন্দর ও বিমানবন্দরে বার্তা পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল মাহমুদ জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন প্রায় ৩ থেকে ৪ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন।

এর মধ্যে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার সন্দেহভাজন পাঁচজন বেনাপোল ইমিগ্রেশন হয়ে যাতে দেশের বাইরে যেতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি।

জামাল হোসেন/এফএ/এমএস