ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে তারেক রহমানের জনসভায় জনতার ঢল

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০১:০০ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

যশোরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম জনসভার মঞ্চ প্রস্তুত। প্রথমবারের মতো তিনি যশোরে সরাসরি জনসমক্ষে উপস্থিত হতে যাচ্ছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপশহর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই জনসভা ঘিরে এরই মধ্যে পুরো এলাকায় জনতার ঢল নেমেছে। বক্তব্য দেওয়া শুরু করেছেন নেতাকর্মীরা।

সোমবার সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন এলাকা ও আশপাশের উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সমাবেশ স্থলের দিকে ছুটে আসছেন। উপশহর ডিগ্রি কলেজ মাঠ ছাড়িয়ে আশপাশের খোলা মাঠ, রাস্তা ও অলিগলিতেও মানুষের ঢল নামতে শুরু করেছে। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। এখন শুধু অপেক্ষা— কখন মঞ্চে উঠবেন তারেক রহমান।

তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে যশোর জেলা শহরসহ আশপাশের সব উপজেলাতেই বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দলীয় নেতাকর্মীরা বলছেন, এটি হবে যশোরের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসভা। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতাকে সামনে থেকে দেখার সুযোগ পাওয়ায় সাধারণ সমর্থকদের মাঝেও দেখা দিয়েছে বাড়তি উচ্ছ্বাস।

এর আগে রোববার প্রেস ক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের এই সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজকের জনসভায় উপস্থিত হয়ে সাধারণ মানুষের উদ্দেশে আগামীর বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক রূপরেখা তুলে ধরবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পুলিশ সূত্র জানিয়েছে, সমাবেশস্থল ও আশপাশের এলাকায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা তদারকির জন্য শতাধিক পুলিশ সদস্য বডি ক্যামেরা ব্যবহার করছেন। পাশাপাশি র‌্যাবের ছয়টি বিশেষ টিমও মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। কড়া নজরদারি রাখা হচ্ছে পুরো এলাকায়।

মিলন রহমান/এফএ/এমএস