ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাতিয়ায় সি-ট্রাক ব্যবসায়ীদের হুমকিতে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০২:৩২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সি-ট্রাক ব্যবসায়ীদের হুমকিতে সদ্য উদ্বোধন হওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে চেয়ারম্যানঘাট-নলচিরা ঘাটের ফেরী ‘মহানন্দা’ চালানো বন্ধ রেখেছে কর্মচারীরা।

ফেরির মাস্টার মো. মোজাম্মেল হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) এ ফেরি চলাচলের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী।

মাস্টার মো. মোজাম্মেল হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সি-ট্রাকের পরিচালক শাহীন ফোন করে অকথ্য গালিগালাজ করে ফেরি চলাচল বন্ধ রাখতে বলে। অন্যথায় কূলে ভিড়লে প্রাণে মেরে ফেলাসহ কর্মচারীদের হাত-পা ভেঙে দেওয়ার ভয় দেখানো হয়। এরপর থেকে নিরাপত্তার কথা ভেবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে একমাত্র ফেরি চলাচল বন্ধ থাকায় চেয়ারম্যানঘাট ও নলচিরার দুপাড়ে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। অনতিবিলম্বে এ সমস্যার সমাধানের দাবি করেছে ভুক্তভোগীরা।

চেয়ারম্যান ঘাটে আবদুর রহমান নামে মালবোঝাই ট্রাক চালক বলেন, সকাল থেকে ঘাটে আটকা পড়ে আছি। হাতিয়া গিয়ে মাল খালাস করে আবার ফিরতে হবে। কখন এ সমস্যার সমাধান হবে তা জানি না।

স্থানীয়দের দাবি, বিগত আওয়ামী সময়ের সি-ট্রাক পরিচালকরা বর্তমান সময়ের কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় যাত্রীদের জিম্মি করে সুবিধা হাসিলের পাঁয়তারা করছে। তারা ইচ্ছেমতো ভাড়া নির্ধারণ করে যাত্রী হয়রানি করে আসছে।

অভিযুক্ত সি-ট্রাকের পরিচালক আবদুল হান্নান শাহীনকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। ঘাটে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

ফেরির পরিচালক ফয়সাল মাহমুদ বলেন, বিষয়টি পুলিশসহ প্রশাসনকে জানানো হয়েছে। আশাকরি অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, বিষয়টি জানার পর সি-ট্রাকের হুমকিদাতা ব্যক্তিকে খোঁজা হচ্ছে। ফেরি চলাচলের জন্য বলা হয়েছে। সমস্যার সমাধানে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস