সিলেটে মুক্তাদিরের প্রচারণায় আরিফ
সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে এবার মাঠে নামলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরী।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর আম্বরখানা থেকে শুরু হওয়া গণসংযোগ দরগাহ গেট এলাকায় গিয়ে শেষ হয়। এসময় তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন সাবেক জনপ্রতিনিধি এই গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকালে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, ‘বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবার সিলেটের উন্নয়ন হয়েছে। অন্য কোনো সরকার এখানে দৃশ্যমান উন্নয়ন করতে পারেনি। কাজেই আমরা মনে করি, জনগণ এবারও বিএনপির পক্ষে রায় দেবে।’
তিনি বলেন, ‘বিএনপির একজন সদস্য হিসেবে বিগত দিনে আমি নগরীতে মানুষের সেবা করেছি। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জনগণ দুই দুইবার আমাকে নির্বাচিত করেছিল। এই নগরীর একজন সেবক ছিলাম আমি। সেই পরিপ্রেক্ষিতে নগরীর প্রত্যেক বাসিন্দার কাছে আমি সংসদ নির্বাচনে খন্দকার মুক্তাদিরের পক্ষে ভোট চাচ্ছি। শুধু সিলেট-১ আসন নয়, জেলার ছয়টি আসনের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিএনপি মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করাতে আমরা গণমানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
এসময় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আরিফুল হক চৌধুরী সিলেট নগরীর মেয়র ছিলেন। তিনি কাউন্সিলরদের নিয়ে নগরীর চেহারা বদলাতে কাজ করেছেন। এবারের জাতীয় নির্বাচনে তিনি সিলেট-৪ আসনে আমাদের বিএনপি দলীয় প্রার্থী। তার চরম ব্যস্ততার মধ্যেও তিনি ভালোবাসার টানে, দায়বদ্ধতার টানে সিলেট-১ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে ছুটে এসেছেন। সাবেক কাউন্সিলররা সঙ্গে আছেন, যা প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছে।’
আহমেদ জামিল/এসআর/জেআইএম