ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুর-৩ আসনে বিএনপি প্রার্থীকে গণফোরামের প্রার্থীর সমর্থন

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৯:১০ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে আনুষ্ঠানিকভাবে পূর্ণ সমর্থন ঘোষণা করেছে গণফোরাম।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও ওই আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট সেলিম আকবর এই সমর্থনের ঘোষণা দেন। এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেন গণফোরাম নেতৃবৃন্দ।

সভায় বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ২০১৮ সাল থেকেই গণফোরাম বিএনপির সঙ্গে রয়েছে। তাদের এই সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, নির্বাচিত হলে চাঁদপুরের উন্নয়নে গণফোরামের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং বিএনপি ও গণফোরামের মধ্যে কোনো বিভেদ থাকবে না, আমরা সবাই এক।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন কোনো কারসাজির নির্বাচন নয়। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।

এসময় জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের ৫ লাখ ভোটারের অভিভাবক হবেন। তিনি জনগণের জন্য কাজ করবেন, আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো এটাই আমাদের প্রত্যাশা। আমরা দলীয়ভাবে তাকে সমর্থন দিয়ে বিজয়ী করে আনবো। এরপর সবাই মিলে একটি সুন্দর চাঁদপুর গড়ে তুলতে পারবো।

সভা শেষে আনুষ্ঠানিকভাবে চাঁদপুর জেলা গণফোরাম বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থনের ঘোষণা দেয়।

সভায় উপস্থিত ছিলেন সভায় বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমসহ গণফোরাম ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শরীফুল ইসলাম/এমএন/এমএস