ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চরমপন্থি পরিচয়ে চাঁদা নিতে এসে জনতার হাতে আটক দুই যুবক

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

যশোরের অভয়নগরে ব্যবসায়ীকে ভয় দেখিয়ে চাঁদা নিতে এসে ইমাম হোসেন ওরফে রাব্বি (৩৩) ও আলমগীর হোসেন (৩০) নামে নিষিদ্ধ চরমপন্থি দলের দুই সদস্যকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন ফেরিঘাট এলাকার এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান। তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. জালাল বাদী হয়ে দুইজনের নামসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

আটক ইমাম হোসেন ওরফে রাব্বি উপজেলার সরখোলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও আলমগীর হোসেন একই গ্রামের গোলাম হোসেনের ছেলে। তারা নিজেদের নিষিদ্ধ চরমপন্থি দলের প্রতিনিধি হিসেবে দাবি করেছিলেন।

ভুক্তভোগী মেসার্স জালাল ট্রেডিংয়ের মালিক মো. জালাল জানান, গত ২৩ জানুয়ারি নিজেকে নিষিদ্ধ সংগঠন ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’র নেতা পরিচয় দিয়ে এক ব্যক্তি তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে বড় ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয়। বারংবার চাপের মুখে ১ লাখ টাকায় রফাদফা হলে সোমবার বিকেলে ওই দুই যুবক টাকা নিতে তার প্রতিষ্ঠানে আসে। টাকা নিয়ে বের হওয়ার সময় স্থানীয় জনতা তাদের সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘চরমপন্থি দলের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনের নামসহ অজ্ঞাত পরিচয়ে আসামিদের বিরুদ্ধে ব্যবসায়ী মো. জালাল মামলা করেছেন। আটক দুই যুবককে আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মিলন রহমান/কেএইচকে/জেআইএম