ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিজ গ্রামে ঈদ উদযাপন স্বরাষ্ট্রমন্ত্রীর, দেশবাসীকে জানালেন শুভেচ্ছা

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২১ মার্চ ২০২৬

কক্সবাজারের পেকুয়ায় নিজগ্রামে ঈদ উদযাপন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি। এরপর এলাকাবাসীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

পরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক। এই পবিত্র দিনে আমরা দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করে আমাদের প্রিয় দেশকে আরও এগিয়ে নিয়ে যাই। এটাই হোক আমাদের আজকের দিনের প্রকৃত আনন্দ।’

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ ও চলমান ইস্যু রোহিঙ্গা প্রত্যাবাসন। এ বিষয়ে আমরা সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি। এ সমস্যার টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করি, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করবে এবং প্রয়োজনীয় তদন্ত ও কার্যক্রমে অংশ নেবে।’

নামাজ শেষে মন্ত্রী সকাল ১০টার দিকে মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে গাড়িযোগে পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে পৌঁছান সালাহউদ্দিন আহমদ।

সায়ীদ আলমগীর/এসআর/এমএস