গণমাধ্যম কর্মীদের জন্য পৃথক কর্মপরিকল্পনা জামায়াত নেতা ড. মাসুদের
গণমাধ্যম কর্মীদের জন্য পৃথক কর্মপরিকল্পনাসহ নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন পটুয়াখালী–২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি লিখিত ইশতেহার উপস্থাপন করেন। এ সময় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
ইশতেহার ঘোষণাকালে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাউফলের মৌলিক সমস্যাগুলোর সমাধান হয়নি। আজও বাউফল বগা সেতুর পরিবর্তে ফেরিনির্ভর যোগাযোগ ব্যবস্থার ওপর নির্ভরশীল। বেহাল সড়ক ব্যবস্থা, বেকারত্ব, কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া, জেলেদের অনিশ্চিত জীবন, ভয়াবহ নদীভাঙন, স্বাস্থ্য ও শিক্ষা খাতের সীমাবদ্ধতা এবং মাদকের বিস্তার এ এলাকার প্রধান সমস্যা।
তিনি বলেন, এসব সমস্যা সমাধানে কেবল আশ্বাস নয়, প্রয়োজন বাস্তবভিত্তিক পরিকল্পনা ও দায়িত্বশীল নেতৃত্ব। ক্ষমতার জন্য নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আমার রাজনীতি।
ইশতেহারে ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলকে একটি পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক মডেল উপজেলায় রূপান্তরের লক্ষ্য তুলে ধরেন। তিনি বগা সেতু বাস্তবায়নসহ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা উল্লেখ করেন এবং নদীভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং যুবসমাজকে ক্রীড়ামুখী করে গড়ে তুলতে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
এছাড়া দখল করা খাল উদ্ধার ও পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও নৌচলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। স্থানীয় শিল্পকারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অঙ্গীকারও ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়।
ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, নির্বাচিত হলে তিনি সরকারি কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না এবং প্রাপ্ত বেতন-ভাতা জনকল্যাণমূলক কাজে ব্যয় করবেন।
ইশতেহারে বাউফলে কর্মরত গণমাধ্যম কর্মীদের জন্য পৃথক ও পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনার কথাও ঘোষণা করা হয়। এতে সাংবাদিকদের অসুস্থতা, দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে একটি সাংবাদিক কল্যাণ তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং নিয়মিত ফ্রি স্বাস্থ্য ক্যাম্প আয়োজনের কথাও উল্লেখ করা হয়।
এছাড়া অনুসন্ধানী সাংবাদিকতা, ডিজিটাল জার্নালিজম, রিপোর্টিং ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মাএনান্নয়নের পরিকল্পনার কথা জানানো হয়। বছরে নির্দিষ্ট সময় পরপর সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে সংলাপ আয়োজনের মাধ্যমে বাউফলের উন্নয়ন পরিকল্পনার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে এবং গণমাধ্যম কর্মীদের উন্নয়ন প্রক্রিয়ার অংশীদার হিসেবে যুক্ত করার অঙ্গীকারও ইশতেহারে তুলে ধরা হয়।
মাহমুদ হাসান রায়হান/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৩৫ বন্দি
- ২ লক্ষ্মীপুরে ৩ শতাধিক মানুষের খাবারের আয়োজন, বিএনপি কর্মীর জরিমানা
- ৩ মাদকের আসামি ছিনিয়ে নিতে ডিবির গাড়িতে হামলা, গ্রেফতার ৪
- ৪ নারী সমাজকে পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না: মঞ্জু
- ৫ এবার কোনো ভোট ইঞ্জিনিয়ার-ভোট চোরদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির