ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য ভৈরবে চাকরি মেলা

উপজেলা প্রতিনিধি | ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ভৈরব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ২০টি প্রতিষ্ঠান স্টল দেয়।

প্রতিষ্ঠানগুলি হলো, প্রাণ গ্রুপ, এলিন ফুড প্রোডাক্টস, আরএফএল গ্রুপ, অলিপুর, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আরগন স্পিনিং লিমিটেড, এফডিবি হোন্ডা, সারভিক বিপিও, ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, খাজা ওয়্যার নেইল ইন্ডাস্ট্রি, খাজা স্টিল ইন্ডাস্ট্রি, মেসার্স জিলানী ফ্লাওয়ার মিলস্ অ্যান্ড ফুড প্রোডাক্টস, মাক্কুল মোল্লা ফুড প্রোডাক্টস, এ জেড এইচ রিরোলিং অ্যান্ড আয়রন ফ্যাক্টরি বি বাড়িয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মটরস, ভৈরব কম্পিউটার প্রশিক্ষণ ইন্সটিটিউট, টেকনিক্যাল মেন্টর, ই-লার্নিং অ্যান্ড আর্নিং, ব্রাদার্স কন্সট্রাকশন অ্যান্ড বিল্ডার্স, ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতাল ও মেসার্স মুজিবুর রিরোলিং মিলস।

ভৈরব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ, কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ প্রকৌশলী মো. হারুন অর রশিদ, ভৈরব চেম্বার অব কমার্স সভাপতি জাহিদুর হক জাবেদ, নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ হাসিনা ইয়াসমিন, ভৈরব বিসিক শিল্প নগরী কর্মকর্তা মো. আবিদুর রহমান খান প্রমুখ।

শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য ভৈরবে চাকরি মেলা

রফিকুল ইসলাম মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল্লাহ, ভৈরব পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, ভৈরব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চিফ ইন্সট্রাক্টর মাজাহারুল ইসলাম খান, উদ্যোক্তা মো. নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, চাকরি মেলার স্টলে তরুণ-তরুণীরা সহজে তাদের সিভি জমা দিয়ে চাকরি করার সুযোগ পাবেন। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাকরি মেলা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এ ধরনের আয়োজনে শিক্ষিত তরুণ যুবদের কর্মে নিয়োজিত করা গেলে সামাজিক নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও বেগবান হবে। পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা ও চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোতে চাকরি প্রাপ্তির প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

রাজীবুল হাসান/আরএইচ/জেআইএম