শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালিত হবে: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছি। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল-১ আসনের গৌরনদী পৌরসভা সংলগ্ন বালুরমাঠের পথসভায় তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘দেশ চালাতে ভালো নেতা ও ভালো নীতি লাগবে। পূর্বে যারা দেশ পরিচালনা করেছিলেন তাদের মধ্যে ভালো নেতা ও ভালো নীতি কিছুই ছিল না। যে কারণে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের শাসনামলে বেগমপাড়া তৈরি হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে আমার দাদা-বাবা হিন্দু সম্প্রদায়কে রক্ষার জন্য আমাদের বাড়িতে নিরাপদভাবে আশ্রয় দিয়েছিলেন। আমরা ২০২৪ পরবর্তী বাংলাদেশে হিন্দু ভাইদের উপসনালয়গুলো পাহারা দিয়েছি, তাদের জানমাল রক্ষায় নিরাপত্তা দিয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হাতপাখা মার্কা বিজয়ী হলে দেশ নিরাপদ থাকবে। এ দেশের হিন্দুরা নিরাপদ থাকবে। তাইতো হিন্দু ভাইয়েরা হাতপাখাকে বিজয়ী করার জন্য জোট বেঁধেছেন।’

ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-১ আসনের হাতপাখা মার্কার প্রার্থী রাসেল সরদার মেহেদীকে একজন ভালো নেতা দাবি করে চরমোনাই পীর হাতপাখা মার্কাকে বিজয়ী করতে সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান করেন।
তিনি আরও বলেছেন, ‘এ দেশ আলেম ওলামায়ের দেশ। এ পবিত্র জমিনে ইসলাম থাকবে না সেটি হতে পারে না। আমরা মনে করেছিলাম আমরা একা হয়ে গেছি কিন্তু আমরা একা না। আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, আলেমরা সঙ্গে রয়েছেন, দেশপ্রেমিকরা সঙ্গে রয়েছেন, ইসলাম প্রেমীরা সঙ্গে রয়েছেন।’
চরমোনাই পীর বরিশাল-১ আসনের হাতপাখা মার্কার প্রার্থী রাসেল সরদার মেহেদীকে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার বরিশাল-১ আসনের প্রার্থী মো. রাসেল সরদার মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গৌরনদী উপজেলা শাখার নেতা ওবায়দুল হক নবী, আগৈলঝাড়ার হিন্দু নেতা নিপুল রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
শাওন খান/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে