ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উভয় দলের কার্যালয় ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি মিছিল সালদৈ বাজার এলাকায় প্রবেশ করে। এসময় মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়া হলে বাজারে অবস্থিত বিএনপির নির্বাচনি অফিসের সামনে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাজীপুরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

সংঘর্ষে জামায়াতের তিনজন কর্মী আহত হন। তারা হলেন, ঘাগটিয়া ইউনিয়নের জাহিদ ভুঁইয়া, লতিফ ভুঁইয়া ও অপর এক কর্মী। অপরদিকে বিএনপির পক্ষ থেকে স্থানীয় নেতা লাল মিয়া ও ছাত্রদল নেতা মো. রাজীব আহত হন বলে জানানো হয়।

এদিকে ঘটনার সময় উভয় পক্ষের নির্বাচনি অফিসে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষের ফলে বাজার এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

গাজীপুর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেন, তার ঘাগটিয়া ইউনিয়নের নির্বাচনি অফিসে নেতাকর্মীরা নিয়মিত সাংগঠনিক কাজ করছিলেন। এ সময় জামায়াতের একটি মিছিল হঠাৎ করে অফিসে ঢুকে নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে দুজন নেতাকর্মী গুরুতর আহত হন এবং অফিসের আসবাবপত্র ভেঙে ফেলা হয়।

গাজীপুরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আইউবী বলেন, শান্তিপূর্ণভাবে পূর্বঘোষিত কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে জামায়াতের তিনজন কর্মী আহত হন। নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তারা এলাকা ত্যাগ করেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম