ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আসন পুনরুদ্ধার চাইবে বিএনপি, জামায়াতের সামনেও প্রথম সুযোগ

সালাহ উদ্দিন জসিম , জাহিদ পাটোয়ারী | কুমিল্লা থেকে | প্রকাশিত: ০৬:২৯ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

দুই যুগেরও বেশি সময় পর আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। অন্যদিকে, শক্তি ও জনসমর্থনে অতীতের যেকোনো সময়কে ছাড়িয়ে যাওয়া জামায়াতের সামনে প্রথমবারের মতো আসনটি নিজেদের ঝুলিতে নেওয়ার সুযোগ। তবে দুপক্ষের প্রার্থীরই শক্তির পাশাপাশি আছে দুর্বলতাও। সব মিলিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া ও বুড়িচং) আসনে জমজমাট লড়াইয়ের আভাস মিলছে।

সরেজমিনে শুক্রবার কথা হয় বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের জঙ্গলবাড়ী গ্রামের পঞ্চাশোর্ধ্ব এক কৃষকের সঙ্গে। জুমার পর উপজেলার কালিকাপুর দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে কথা বলার সময় নিজের সন্তান একটি বিশেষ বাহিনীতে চাকরি করায় নাম প্রকাশে অনিচ্ছুক এই বৃদ্ধ জানান, এবার তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চান।

‘আমি মূলত দীর্ঘদিন ধরে বিএনপি করি। কিন্তু বর্তমানে বিএনপির কর্মকাণ্ড আমার পছন্দ হয় না। ইন্টারনেট খুললে যা দেখি, তাতে মন উঠে গেছে। তারেক রহমানের কাজকাম আমার ভাল্লাগে না। সবাই তো ক্ষমতায় একবার আইছে৷ এবার ভোটটা দাঁড়িপাল্লায় দিতে চাই’—বলছিলেন বুড়িচংয়ের এ বাসিন্দা।

jagonews24

সেখানেই কথার মধ্যে যুক্ত হন কালিকাপুর গ্রামের নতুন ভোটার সাইফুল আলম (২৫)। তিনি বলেন, দাঁড়িপাল্লা এবং ধানের শীষের যে দুজন প্রার্থী, তাদের মধ্যে তুলনামূলক যিনি ভালো তাকেই জীবনের প্রথম ভোটটি দেবো। আমরা চাই, সীমান্তবর্তী বুড়িচংয়ের যুবসমাজকে যিনি মাদকের থাবা থেকে বাঁচাতে পারবেন, তিনিই এমপি হোন। 

এই তরুণ ভোটার আরও বলেন, আমাদের এখানে বড় সমস্যা মাদক। একটা বড় গোষ্ঠী চোরাচালানে যুক্ত। যার কারণে এর প্রভাব এলাকার তরুণ ও যুবসমাজের মধ্যে পড়ে। এ সমস্যার সমাধানে শক্ত শাসক প্রয়োজন।

সাবেক ছাত্রনেতা দিদারুল আলম বলেন, আমাদের এখানে গেল বন্যায় সড়ক অবকাঠামো নষ্ট হয়েছে। কুমিল্লা থেকে বুড়িচং হয়ে ব্রাক্ষ্মণপাড়ার দুটো রাস্তা আছে। এগুলোর সংস্কারের পাশাপাশি প্রশস্তকরণের দাবি আছে আমাদের। নদীভাঙণের স্থায়ী সমাধান চাই।

‘চারটি উপজেলা নিয়ে নতুন ময়নামতি উপজেলার দাবি আছে, সেটি বিএনপি-জামায়াতের দুই প্রার্থীই পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও বৃষ্টি হলে পানি নেমে যেতে না পারার কারণে কিছু গ্রাম ডুবে যায়, এ সমস্যার সমাধানও প্রয়োজন’—বলছিলেন দিদারুল।

আরও পড়ুন
দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার

ভারেল্লা উত্তর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন বলেন, বাকশীমুল, রাজাপুর ও শশীদল ইউনিয়নের অধিকাংশ এলাকা সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকে। কারণ তিনটিই সীমান্তবর্তী ইউনিয়ন। অস্ত্র ও মাদকের চোরাচালান আসে। এসব কর্মকাণ্ডে যারা শেল্টার দেয়, তাদেরই জোরপূর্বক নির্বাচিত করে আনার চেষ্টা হয়। ভোটের ফলাফল এদিক-ওদিক হতে পারে। 

jagonews24

সবশেষ ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনটি বিএনপিকে উপহার দিয়েছিলেন একসময় আওয়ামী লীগ ও পরবর্তীকালে জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হওয়া মোহাম্মদ ইউনুস।

বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার একাধিক ভোটার জানিয়েছেন, এই আসনে আগে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি ছিল। গত ১৭ বছরে আওয়ামী লীগ গ্রুপ, সাব-গ্রুপে বিভক্ত হওয়ায় তাদের ভোটও ভাগ হয়েছে। এসময়ে বিভিন্নজনের শেল্টারে বিএনপি-জামায়াত শক্তিশালী হয়েছে। এখন আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি-জামায়াত একে অন্যের প্রতিদ্বন্দ্বী। তবে বিএনপির এক সময়ের অন্যতম জোটসঙ্গী জামায়াত নীরবে শক্তি সঞ্চয় করেছে। ভেতরে ভেতরে তাদের সমর্থনও বেড়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আসনটিতে বিএনপির মনোনয়নবঞ্চিত অনেকে ধানের শীষের পক্ষে সক্রিয় নন। আবার জামায়াতের ভোটেও ভাগ বসাবে তাদেরই জোটের আরেক প্রার্থী ব্যারিস্টার যোবায়ের ভূঁইয়া। ফলে শক্তির পাশাপাশি দুর্বলতাও আছে উভয় শিবিরে।

বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা নিয়ে কুমিল্লা-৫ আসন। গোমতীর পাড়ের এই জনপদের বাসিন্দাদের মাদক ও চোরাচালানের বাইরেও প্রতিবছর সইতে হয় বন্যার ধকল। সম্প্রতি ভারতের পাহাড়ি ঢলে এই জনপদ তলিয়ে যায়। নিশ্চিহ্ন হয়ে যায় বহু মানুষের ঘরবাড়ি। বিপদের দিনে যারা পাশে ছিলেন, ভোটে তাদের কথা নিশ্চিতভাবেই ভুলে যাবেন না স্থানীয়রা।

jagonews24

 

কুমিল্লা-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৩ হাজার ৮৪২ জন। পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৮৫৫ জন এবং নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ৯৮৭ জন। পোস্টাল ভোটার ১২ হাজার ৩৩০ জন।

এ আসনটিতে ভোটকেন্দ্র ১৪২টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১০০টি। মোট প্রার্থী ১০ জন। তাদের মধ্যে বিএনপির জসিম উদ্দিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর ড. মোবারক হোসাইন (দাঁড়িপাল্লা), কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আল ক্বাফী (কাস্তে), জাতীয় পার্টির এনামুল হক (লাঙ্গল), মুসলিম লীগের আবুল কালাম ইদরীস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর তানজিল আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির আবুল বাশার, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাশেদুল ইসলাম, আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া ও জেএসডির শিরিন আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসইউজে/এমকেআর